ডেস্ক নিউজ: শিয়া সম্প্রদায়ের এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড কার্যকর করা ৫৬ বছর বয়সী শীর্ষ শিয়া নেতার নাম নিমর আল-নিমর। সুন্নি-শাসিত সৌদির পূর্বাঞ্চলে ২০১১ সালে সরকারবিরোধী যে গণবিক্ষোভ হয়েছিল, তার মূলে ছিলেন তিনি। তবে কী পদ্ধতিতে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জানানো হয়, সৌদির ১২টি শহরে আজ এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এ কথা জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উগ্রপন্থী আদর্শে জড়িয়ে পড়া, সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, বিভিন্ন অপরাধমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়ে এই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৩ ও ২০০৪ সালে আল-কায়েদার হয়ে হামলা চালিয়ে সৌদি ও বিদেশি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া কয়েকজন সুন্নিও এই তালিকায় আছেন। তাঁদের মধ্যে একজন মিসরের ও একজন চাদের। বাকিরা সৌদির নাগরিক।
সৌদিতে সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের জানুয়ারিতে বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে গেছে। মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে ২০১৫ সালে সৌদিতে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।