নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার পরদিন সব ধরনের বিমান যোগাযোগ ছিন্ন করারও ঘোষণা দিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বাহরাইন ও সুদান। আর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব গত শনিবার দেশটির শিয়াপন্থী নেতা নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে গতকাল রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। ওই অঞ্চলে সুন্নিপন্থীদের বড় শক্তি সৌদি আরব। আর শিয়াপন্থীদের সবচেয়ে বড় শক্তি ইরান।
আজ সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ইরানের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দেয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ ওই বিবৃতির বরাত দিয়ে জানায়, সৌদি আরব থেকে ইরানে চলাচলকারী সব বিমান সংস্থাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সৌদি আরবকে অনুসরণ করে বাহরাইন আজ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বাহরাইন অভিযোগ তুলেছে, ইরান প্রকাশ্যে বিপজ্জনকভাবে উপসাগরীয় ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। বাহরাইনের শাসকগোষ্ঠী সুন্নিপন্থী হলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়াপন্থী। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়।
এদিকে ইউএই বলেছে, উপসাগরীয় দেশ ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সঙ্গে সম্পর্কও শিথিল করবে ইউএই।