নিজস্ব প্রতিবেদক: পরিচালনায় সমস্যা এবং ঋণ প্রদানে অনিয়মের কারণে এবার পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে বেসরকারি খাতের নতুন প্রজন্মের ব্যাংক ফারমার্স ব্যাংকে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এই নিয়ে ব্যাংকিং খাতে পর্যবেক্ষক পেলো ১৫টি ব্যাংক। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মহিউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংকের কর্ণধার ও চেয়ারম্যান।
বাংলাদশে ব্যাংক সূত্রে জানা গেছে, শুরু থেকেই ব্যাংকটি পরিচালনায় সুশাসনের ঘাটতি ছিল। এই কারণে এর আগে জরিমানাও গুণতে হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে। সংশোধিত ব্যাংক কোম্পানী আইনের ৪৯ ধারার (খ) উপধারা মোতাবেক নতুন করে পর্যবেক্ষক দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ শাখার মহাব্যস্থাপক এমএএন আবুল কাশেম পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এখন থেকে ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবেন। এমনকি ব্যাংকের নিয়মিত পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থেকে নির্দেশনাও দিতে পারবেন।