ক্রীড়া প্রতিবেদক: প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করতে পারলেও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে হারের ফলে সেমিফাইনালে ওঠাটা কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশ অলিম্পিক দলের জন্য। তবুও বেশ হিসাব-নিকাশ বাকি ছিল অলিম্পিক দলের জন্য। কিন্তু, আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের। কারণ, সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছে মালদ্বীপ এবং বাহরাইনের ম্যাচ। দল দুটি ১-১ গোলে ড্র করার ফলেই বিদায় নিশ্চিত হয়ে যায় অলিম্পিক দলটির।
মাঠে নামার আগে বিদায় নিশ্চিত হওয়ার কারণেই কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটি হয়ে পড়েছিল পুরোপুরি আনুষ্ঠানিকতার। তবুও কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেই বিদায় নিল বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়া বাংলাদেশের দ্বিতীয় দলটি। তিন ম্যাচে কম্বোডিয়ার অর্জন তিন পয়েন্ট। অন্যদিকে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য এসএ গেমসের জন্য প্রস্তুতি নেওয়া অনুর্ধ্ব-২৩ দল তাদের পথচলা শেষ করলো মাত্র এক পয়েন্ট নিয়ে।
খেলার শুরু থেকেই অনুর্ধ্ব-২৩ দল বেছে নেয় আক্রমণাত্মক কৌশল। চাপ সামলে নিয়ে পাল্টা আক্রমণে যায় কম্বোডিয়া। ৭১ মিনিটে ফরোয়ার্ড ভানডেথ সনের নিঁখূত থ্রু পাসে পরাস্ত হয় তিনজনের ডিফেন্স। বল তুলে ডিনা টিট যখন দূরের পোস্টে বল ঠেলে দিচ্ছেন অসহায় গোলরক্ষক জিয়ার তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
শেষ পর্যন্ত চেষ্টা করেও বাংলাদেশের যুবারা আর গোলের দেখা পায়নি। ফলে কম্বেডিয়া অর্জন করে নেয় তাদের প্রথম জয়। এসএ গেমসের আগে মনোবল চাঙ্গা করার শেষ সুযোগটা হারায় বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।