আদালত প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুধু অনলাইনে মামলার কার্যতালিকা থাকার সিদ্ধান্ত নিলেও আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে আরো ১৫ দিন কাগজে ছাপানোর (কজলিস্ট) সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানিয়েছেন, হাইকোর্টে আগামী ১ ফেব্রুয়ারি হতে কাগজে ছাপা কজলিস্ট (কার্যতালিকা) সম্পূর্ণরূপে বন্ধ করে এর পরিবর্তে অনলাইন কজলিস্ট চালু করা হবে।
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়ার পর বিভিন্ন বিভাগেও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়। সুপ্রিম কোর্টেও একই উদ্যোগ নেয়ার কথা বলে আসছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
এদিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজে কজলিস্ট প্রকাশ অব্যাহত থাকবে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, বহুকাল ধরে কাগজের ছাপানো কার্যতালিকা ধরে কাজ করতে অভ্যস্ত আইনজীবীরা তাই নতুন পদ্ধতিতে কাজের ধরন নিয়ে শঙ্কিত।
জানা গেছে, ওয়েবসাইট থেকে যেকোনো সময় আইনজীবীদের কাগজে কার্যতালিকা প্রিন্ট করার সুযোগ থাকবে। এছাড়া আইনজীবীদের জন্য সাপোর্ট সেন্টারও থাকবে।