ইশতিয়াক আহমেদ: বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা শ ম রেজাউল করিমকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গত বুধবার রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ফেসবুকের কয়েকটি অ্যাকাউন্ট থেকে শ ম রেজাউল করিমকে ক্রমাগতভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে শ ম রেজাউল করিম বলেন, গণমাধ্যমে বিশেষ করে টকশোতে দেয়া তার বক্তব্যকে বিকৃত এবং কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকেই তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। থানায় মামলা দায়েরের পাশাপাশি পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, বিটিআরসি চেয়ারম্যান ও র্যাবকেও লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন শ ম রেজাউল করিম।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা শ ম রেজাউল করিমকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, শ ম রেজা স্যার অত্যন্ত বন্ধুসুলভ, বিনয়ী এবং ভাল মানুষ। তার মতো মানুষকে হত্যার হুমকি যারা দিয়েছে তাদের যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন। এজন্য তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন।