হাসিব ইশতিয়াকুর রহমান: একুশে বইমেলার লিটল ম্যাগ কর্নারের ‘দাঁড়কাক’-এর টেবিলে পাওয়া যাবে ইসরাফিলের প্রস্থান। ‘জননী ও পুত্রেরা’, ‘ঘর্মাক্ত সন্ধ্যায় তুমি’, ‘ইসরাফিলের প্রস্থান’, ‘তিব্বত ৫৭০’ এবং ‘সিঁড়ির ধাঁধায় জামালুদ্দিন’ শিরোনামে পাঁচটি গল্প রয়েছে বইটিতে।
তার আখ্যানগুলোতে বর্তমান বিশ্বের বিশাল অংশজুড়ে ক্রমরূপান্তরমান অধিবাস্তবের সমান্তরালে এই প্রান্তবর্তী জনসীমায় সংগ্রামশীল মানুষের প্রাত্যহিক বাস্তবের অনুপূঙ্খ উঠে এসেছে। এ এক অকল্পনীয় বাস্তবতা, যার অনেকটাই অবর্ণনীয়। কিন্তু সেগুলোই এদের জীবনে মুখ্য। এগুলোর রচয়িতা তীক্ষ্নভাবে এসব ঘটনা অবলোকন বা পর্যবেক্ষণ করেছেন। এরপর বিভিন্ন মনস্তাত্ত্বিক অভিঘাত ও সামাজিক দৃষ্টিভঙ্গিসহ ঘটনাগুলো বর্ণনা করে গেছেন। সেই বর্ণনার মধ্যে জীবনের প্রতিটি অনুষঙ্গ একেকটা বহুকৌণিক প্রতীকে পরিণত হয়েছে। বোঝা যায়, তিনি মানুষের জীবনের দিকে ঝুঁকেছিলেন তীব্র আসক্তি নিয়ে। আর তা থেকে তিনি যা পেয়েছিলেন, তা বলার সময় তিনি ছিলেন ততোধিক নিরাসক্ত, অনাক্রান্ত। এই আপাতনির্মোহতার কারণেই এগুলো হয়ে উঠেছে সেই বাস্তবের সাহসিকতাপূর্ণ সাক্ষ্য। তবে তার সুতীক্ষ্ণ সংবেদনও দুর্লক্ষ্য নয়। কারণ, দৃশ্যতই এখানকার অধিবাসীরা এক ধরনের বিবশতা নিয়েই যাপন করে চলে তাদের জীবন। আর তিনি প্রবলভাবে অনুবর্তী হন সেই জীবনেরই।