বিনোদন প্রতিবেদক: ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে জাতীয় সংগীত নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘আমার সোনার বাংলা’র নির্মাণ কাজ। বাংলাদেশ সরকারের অনুদান সহায়তায় এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন নির্মাতা মৃদুল মামুন।
জানা গেছে, এটার দৃশ্যধারণ শুরু হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সাক্ষাৎকারের মাধ্যমে। প্রথম ধাপে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ এবং ভারতের রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খঘোষসহ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার থাকবে।
বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণার দীর্ঘ ৪৪ বছর পর প্রথমবারের মতো নির্মিত হচ্ছে গানটি নিয়ে একক কোনও চলচ্চিত্র। তথ্যচিত্রটির দৈর্ঘ্য হবে ৪০ মিনিট। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি হতে পারে।