শবনম শাহজাহান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জাতীয় সংসদে বলেছেন, ভূমিকম্প মোকাবেলা ও পরবর্তী উদ্ধার অভিযানে সফল অংশগ্রহণের জন্য ৬২ হাজার আরবান সার্চ এন্ড রেসকিউ স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম এর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্প পরবর্তী সময়ে জনগণের করণীয় সম্পর্কে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার ও লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যেই ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকম্প ঝুঁকি মানচিত্র তৈরি করা হয়েছে এবং টাঙ্গাইল, রংপুর, বগুড়া, ময়মনসিংহ ও রাজশাহীর ভূমিকম্প ঝুঁকি মানচিত্র তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।