ইন্টারন্যাশনাল ডেস্ক: বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার মোট ৩৭ শরণার্থীকে আটক করেছে কলম্বিয়া। মানব পাচারকারীদের সাহায্যে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিল তারা। খবর আরব নিউজের।
কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, মানব পাচারকারীরা ৩৭ জনকে বিভিন্ন দেশ থেকে এনে পানামা সীমান্তের কাছে কলম্বিয়ার রিওসুসিও শহরে রেখে পালিয়ে গেছে। এদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং একজন নারী। এরা বাংলাদেশ, নেপাল, ভারত এবং পাকিস্তানের নাগরিক।
কর্মকর্তারা ওই শরণার্থীদের বন্দর শহর টারবোতে স্থানান্তর করেছে। সেখানে তাদের খাবার এবং চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরপর তাদের শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষের হেফাজতে পাঠানো হয়।
এদিকে টার্বোর সরকার সচিব এমেলিডেস মুনোজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা টার্বোতে বৈধ কাগজপত্রবিহীন ৩২২ জনকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে। এদের অধিকাংশই কিউবার নাগরিক। এরা এখন আশ্রয়কেন্দ্রে রয়েছে। তারা এখানে থাকতে পারবেন কিনা অভিবাসন কর্মকর্তারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।