শবনম শাহজাহান: বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য বিক্রয় করার অভিযোগে রাজধানীর শাহাজাদপুরে ল্যাভেন্ডার সুপার সপ শাখাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। এপিবিএনর প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
(এপিবিএন-৫) এর সহকারি পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসক তানিয়া সুলতানা ও বিএসটিআই`র ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকারের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারি পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, রাজধানীর ৩০/২, প্রগতি স্বরণী শাহাজাদপুর শাখা ল্যাভেন্ডার সুপার সপে অভিযানকালে বিএসটিআই`র অনুমোদনহীন পণ্য যেমন-ডাভ শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, লরিয়াল শ্যাম্পু, নানদো’স মেরিডিয়ান চিপস, সার্ফ এক্সেল, কোলগেট টুথপেস্ট, সিগন্যাল টুথপেস্ট, সেনসোডাইন টুথপেস্ট, পন্ডস পাউডার, জনসন ক্রিম ইত্যাদি পণ্য সিএম লাইসেন্স ছাড়া বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিশির মণ্ডল অপরাধ স্বীকার করলে বিএসটিআই অধ্যাদেশ ১৯, ২৪ ধারা লংঘন করায় ৩০, ৩১(এ) ধারা মোতাবেক ৩ লাখ টাকা জরিমানা করা হয়।