ইমন ফারজানা: ফুল বিক্রেতা ও কৃষকদের ক্ষমতায়নের জন্য অনলাইন পোর্টাল দেশিফুল ডটকম এবং ইউএসএইড এর এগ্রিকালচারাল ভ্যাল্যু চেইন প্রকল্পের মাঝে এক চুক্তি সাক্ষরিত হয়েছে। দেশিফুল ডটকম কার্যালয়ে (ওয়েস্ট উইন্ড পয়েন্ট, চ ৮৯/ ৪-৫ প্রগতি সরণি) আজ এই চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইউএসএইড এর এগ্রিকালচারাল ভ্যাল্যু চেইন প্রকল্প বাংলাদেশ এবং দেশিফুল ডটকম অনলাইন পোর্টাল’র কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের প্রধান মাইকেল ফিল্ড এবং বুশরা আলম।
অনুষ্ঠানে দেশিফুল ডটকম এর প্রধান বুশরা আলম বলেন, ‘আমরা ফুল বিক্রেতা এবং ফুল চাষিদের নিয়ে কাজ করতে চাই ফুলের বাজারের মূল্য শক্তিশালী করার জন্য, এছাড়া আমরা আইসিটি ভিত্তিক সেবা ব্যবহার করছি যাতে করে ভোক্তাদের নিত্যনতুন ডিজাইনের ফুলের তোড়া প্রদান করতে পারি’।
দেশিফুল ডটকম অনলাইন এর মাধ্যমে গ্রাহকদের মাঝে ভাল মানের ফুলের তোড়া পৌঁছে দেওয়ার পাশাপাশি ফুলের মান বৃদ্ধির দিকটিও লক্ষ্য রাখছে। তথ্য-প্রযুক্তি ভিত্তিক সেবা ব্যবহার করে বিশ্বব্যাপী এই ধরনের অনলাইন পোর্টাল গুলোর সাথে মিল রেখে দেশের নারী কৃষক যারা কিনা ফুল উৎপাদনে অবদান রাখছে, তাদের ক্ষমতায়নেও দৃষ্টি নিবদ্ধ করছে দেশিফুল ডটকম।
ইউএসএইড এর এগ্রিকালচারাল ভ্যাল্যু চেইন প্রকল্প বাংলাদেশ কৃষি ক্ষেত্রে ফসল এর মান বৃদ্ধির জন্য কাজ করছে, আর এই কারণেই তারা দেশিফুল ডটকম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে করে ফুল বিক্রেতা এবং ফুল চাষিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা একটি স্বাস্থ্যকর ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে পারে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশিফুল ডটকম একটি অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন সেবাও চালু করেছে যার নাম ‘দেশিফুল’। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ফুল বিক্রেতারা প্রত্যেক দিনের তাজা ফুলের তথ্য প্রকাশ করতে পারবে তাদের অনলাইন পোর্টালে, যেটা কিনা দেশিফুল ডটকম এর ওয়েব সাইট এ দেখা যাবে এবং গ্রাহকরা সাথে সাথে অনলাইন এ ফুল কিনতে পারবে। ফুল কেনার সময় ক্রেতারা বিকাশ, ভিসা, মাস্টার এবং ডাইনাসর ক্লাব কার্ড এর মাধ্যমে মূল্য প্রদান করতে পারবে। তাছাড়া ফুল ডেলিভারির সময়ও তারা টাকা প্রদান করতে পারবে।