ইমন ফারজানা: রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের পর থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে দেশের সর্ব বৃহৎ প্রেক্ষাগৃহ ‘স্টার সিনেপ্লেক্স’। তবে শিগগিরই এটি খুলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের চারদিন পর বসুন্ধরা সিটির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অষ্টম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স সাময়িকভাবে বন্ধ রাখার কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ‘বসুন্ধরা সিটি শিপিং মলে আগুন লাগার কারণে সাময়িকভাবে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স।’
তবে শিগগিরই সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্স চালু হবে বলে মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। সেটা সংস্কারে খুব দ্রুত কাজ চলছে। শিগগির স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পুরোদমে চালু হবে।’
প্রসঙ্গত, গেল ২১ আগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ বসুন্ধরা সিটির ৬ তলায় সিলিং থেকে আগুন লাগে। পরে প্রায় ২০ ঘন্টার বেশি সময় ধরে অভিযানের পর পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।’