নিজস্ব প্রতিবেদক: আজ সকাল ১১.১৫ মিনিটের সময় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে রাজশাহী মেডিক্যাল কলেজের তৃতীয় তলার একাধিক কক্ষ। আয়শা সিদ্দীকা মহিলা ছাত্রীনিবাসের ৩১৫ নম্বর রুম থেকে এ অগ্নিকান্ডের সূচনা ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমেই এই অগ্নিকান্ডে সূচনা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অগ্নিকান্ড দেখতে পাওয়ার সাথে সাথে ছাত্রীরা ছোটাছুটি করতে থাকে এবং হোস্টেলের কর্মচারীদের অগ্নিকান্ডের বিষয়ে জানানো হয়। কিন্তু দুঃখজনকভাবে কর্মচারীদের কেউই জানতো না কিভাবে বৈদ্যুতিক মেইন সুইচ অফ করতে হয়। দীর্ঘ সময় পর বৈদ্যুতিক সুইচের সন্ধান মিললেও পাওয়া যায়নি সুইচ বোর্ডের তালার চাবি। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি ছাত্রীনিবাসে প্রবেশের জন্যও প্রধান গেটের চাবি পাওয়া যায়নি। ফলে আগুনে পুড়ে যায় একাধিক রুম। খোজ নিয়ে জানা যায় যেসব রুমে আগুন ধরেছে সেই রুমগুলো ছিল শেষ বর্ষের ছাত্রীদের। যাদের বিগত ৫ বছরের বই খাতা, কাপড় চোপড়সহ সকল জরুরী কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে ঘটনায় ৫৪ তম ব্যাচের শেষ বর্ষের ছাত্রী কলি তাৎক্ষনিকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫৩ তম ব্যচের ছাত্রী নাইমা ও নূর ফারিহা আইরিন এর কাছ থেকে জানা গেছে, আগেও ছোট ছোট কিছু অগ্নিকান্ড ঘটলেও প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। ভবিষ্যতে এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মাসুম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনার তদন্ত করে পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ভবনের অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ তড়িৎ প্রকৌশলী খন্দকার মারছুছ জানান এ ধরনের অগ্নিকান্ডের প্রধান কারন বৈদ্যুতিক শর্ট সার্কিট। সমস্যাপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এবং অধিক ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির অসসাবধান ব্যবহারও এই সমস্ত অগ্নিকান্ডের জন্য দায়ী। সম্পূর্ন ভবনের লোড পরিমাপ করে পুরানো বৈদ্যুতিক ফিউজ বাদ দিয়ে আধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ব্রেকার ব্যবহার করলে সহজেই এ ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়া প্রতি তলায় প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইশার, ফায়াল এলার্ম, পানির হোস পাইপ রাখার পাশাপাশি সর্বোপরী অগ্নিকান্ডের উপর প্রয়োজনীয় প্রশিক্ষন নেয়াটাও অত্যন্ত জরুরী।