নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে শতাধিক ছাত্রী মাস-হিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়ায় ৫৭টি স্কুলে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। ব্যাপক সংখ্যায় শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানসহ এই রোগ থেকে রক্ষা পেতে সদর উপজেলার দুটি সরকারি ও ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় শনি ও রোববার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুধুমাত্র ফরিদপুর শহরসহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে এসব বিদ্যালয় অবস্থিত।
জানা গেছে, গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে অবস্থিত শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন ছাত্রী গণ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু কমিটি এর ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কারণ বের করতে পারেনি। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসনের নির্দেশে ফরিদপুর সদরের ৫৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনি ও রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।