নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকিদাতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরুপ মন্তব্যকারী মো. বেল্লাহ আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেল্লাহ কয়েক মাস আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ডাকযোগে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাহ আহমেদ হত্যার হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে নিজ হাতে লেখা পত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরুপ মন্তব্য এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে।
ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান আরাফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।