আদালত প্রতিবেদক: প্রায় ১৫৬ বছরের পুরনো আইনে বিচারকদের হাতে লেখা সাক্ষ্যগ্রহণের ইতিহাসের ইতি টানা হচ্ছে। আজ বুধবার থেকে সিলেটের ২০টি আদালতে ডিজিটাল এভিডেন্স রেকর্ডিং চালুর মধ্য দিয়ে নতুন যুগে পা রাখছে দেশের বিচার বিভাগ। অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্টের সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) অর্থায়নে জুডিসিয়াল স্ট্রেনথেনিং প্রজেক্টের (জাস্ট) আওতায় সিলেটের ৪০টির মধ্যে ২০টি আদালতকক্ষে সাক্ষ্যগ্রহণ ও জেরায় এ আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে।
ওইসব আদালতে আর কোন সাক্ষীর সাক্ষ্য বা জেরা হাতে লেখা হবে না। বিচারক, রাষ্ট্রপক্ষ, আসামি এবং বাদী-বিবাদীপক্ষের আইনজীবীদের সামনেও প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার মনিটর থাকবে। আদালতের কম্পিউটার কম্পোজকারী সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গেই সকল পক্ষ তাদের সামনে থাকা কম্পিউটারের মনিটরে তা দেখতে পাবেন। নির্ভুলভাবে লিপিবদ্ধ হচ্ছে কি-না তাও তারা পরীক্ষা করতে পারবেন। এছাড়া সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালতের কর্মকর্তাদের স্বাক্ষরিত কপি সকল পক্ষকে সরবরাহ করা হবে।
শুধু তাই নয়, টাইপিং এর পাশাপাশি পুরো সাক্ষ্যগ্রহণ ও জেরা রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কথা মাথায় রেখে এক ঘণ্টা ব্যাকআপ রাখার মতো যন্ত্রপাতি সেট করা হয়েছে।
সিলেটের আদালতগুলোতে যে প্রজেক্ট নেওয়া হয়েছে তা সফল হলে পরবর্তীকালে দেশের অন্যান্য আদালতেও তা চালু করা হবে বলে জানা গেছে।