ডা: শওকত আরমান: আগামী ৭ অক্টোবর এমবিবিএস ও ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি (এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫) মিলিয়ে ২০০ ও ভর্তি পরীক্ষার ১০০ মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।
আসন্ন মেডিকেল ও ডেন্টাল উভয় পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা জিপিএ ৯ যা গত বছর ৮ ছিল। উপজাতিদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৭ থেকে ৮ করা হয়।
জানা গেছে, ২০০ নম্বরের মধ্যে এসএসসিতে প্রাপ্ত মোট নম্বরের শতকরা ৪০ ভাগ ও এইচএসসিতে প্রাপ্ত নম্বরের শতকরা ৬০ ভাগের ওপর একজন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা পূর্ব নম্বর নির্ধারিত হবে। মেডিকেল ও ডেন্টাল উভয় পরীক্ষার জন্য একই শর্ত প্রযোজ্য হবে।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৫ অনুসারে দেশে বর্তমানে ১০০টি মেডিকেল (সরকারি ৩০, বেসরকারি ৬৪ ও আমর্ড ফোর্সেস ৬টি) ও ৩৩টি ডেন্টাল (৯টি সরকারি ও ২৪টি বেসরকারি) রয়েছে। এমবিবিএসে মোট আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯ ও বিডিএসে ১ হাজার ৮৩২টি।