নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ শুক্রবার সকালে বাসের চাপায় আবু তাহের (২৬) নামের মোটরসাইকেলের একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই আরোহী। সকাল আটটার দিকে উপজেলার গলাচিপা-পটুয়াখালী সড়কের সিকদার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত তাহেরের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নে। আহত দুজনকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে তাহের দুজন যাত্রী নিয়ে মোটরসাইকেলে চড়ে উপজেলার হরিদেবপুর থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সিকদার বাড়ির মোড়ে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস তাহেরের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন। তবে বাসটি আটক করা যায়নি।