চারণ গোপাল চক্রবর্তী (রনি): নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ সড়কের আঞ্চলিক যোগাযোগ এর বেহাল অবস্থা। অথচ দুর্গাপুর থেকে জেলা শহর নেত্রকোনা,সদ্য বিভাগীয় শহর ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের এটিই প্রধান সড়ক।
২০১১ সালে বর্তমান মহামান্য রাস্ট্রপতি এবং সাবেক স্পীকার মোঃআব্দুল হামিদ ও এই এলাকার সাবেক সাংসদ মোস্তাক আহমেদ রুহী একনেক বরাদ্দের ৯০ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর উপজেলা পরিষদ পর্যন্ত মোট ৩৬ কিলোমিটার রাস্তা, ছোট-বড় ১২ টি ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের শুভ-উদ্ধোধন করেন।
পাহাড়ী কাঠ,কয়লা,বালি,নূড়িপাথর ও বাংলাদেশের একমাত্র খনিজ সম্পদ সাদা মাটি সহজলভ্যতার সুবাদে ব্যবসায়ীদের মাধ্যমে এই রাস্তা ধরে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য্য’র লীলাভূমি এবং নেত্রকোনা জেলার সর্ব্বোচ্চ সরকারী রাজস্ব আয় অঞ্চল দুর্গাপুরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় সমগ্র বাংলাদেশের। বর্তমানে এই আঞ্চলিক সড়ক দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ ট্রাক, স্থানীয় যাত্রীসেবার নিমিত্তে ৪০-৫০ টি বাস, পর্যটকবাহী প্রাইভেটকার,সিএনজি ও মোটসাইকেল চলাচল করে। কিন্তু যথাযথভাবে সড়কপথের উন্নয়ন না হওয়ায় প্রতিনিয়তই যানজট এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী।
সড়ক পথ উন্নয়নের ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃমাসুদ খান জানিয়েছেন তিনি উচ্চ পর্যায়ে আবেদন করেছেন, শীঘ্রই এই সড়কটির পরিচর্যার কাজ শুরু হবে।