ইনা ফারজানা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকরের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে ছাত্রলীগ। মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মানববন্ধনটির ব্যাপ্তি ছিল কলা ভবন থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত। মানববন্ধন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, ডা. তোফাজ্জেল হক চয়ন, আদিত্য নন্দী, চৈতী হলদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, চন্দ্র শেখর মন্ডল, ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা ও উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ।
স্মারকলিপিতে লিখিত বক্তব্যে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত খুনিদের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এর মধ্যে পাঁচ জনের রায় কার্যকর হলেও এখন পর্যন্ত ছয়জন বিদেশে পলাতক রয়েছে।একই অপরাধে দণ্ডিত অপর আসামিদের ফাঁসি হয়ে যাওয়ার দীর্ঘ ছয় বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মত ছাত্রলীগও ক্ষুদ্ধ।’