
স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে চিহ্নিত সন্ত্রাসীরা প্রচারণায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। তিনি বলেছেন, নির্বাচনী প্রচারণায় দোহাই দিয়ে তাদের প্রচারে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এই সুযোগ দেওয়া উচিতও না।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের সবচেয়ে দুঃখের বিষয়। গতকালকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যখন নির্বাচনী প্রচারণায় অংশ নেয় তখন তাদের সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মামলার আসামি তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ইসি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।’ তিনি বলেন, ‘আমরা সাংবাদিকদের মাধ্যমে ইসিকে অনুরোধ করছি, বিএনপির এই সন্ত্রাসী ও চার্জশিটভুক্ত আসামি কিংবা যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পলাতক ছিল তারা ভোটের অজুহাতে আবার মাঠে নেমে সন্ত্রাসী আচরণ করবেন। এটা ইসিকে কঠোর হস্তে দমন করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ।