মো: জোবায়ের হোসেন: শনিবার রাজধানীতে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ইমেজ সংকটের কারণে আমাদের কেউ ভোট দেয় না। তাই পৌরসভা নির্বাচনে আমরা ভোট পাইনি। আমাদের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ যদি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন এবং আমি যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি পাই, তাহলে আমাদের ইমেজে যে সংকট আছে তা আর থাকবে না।
নিজের দলের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে এরশাদ বলেন, জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে থাকুক তা আমি চাই। কিন্তু সংসদে বিরোধীদল হিসেবে থাকলেও কাগজে আমাদের লেখা হয় না। সেখানে বিরোধীদলের ভূমিকায় লেখা হয় বিএনপিকে; যা ঠিক নয়।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।