ইশতিয়াক আহমেদ: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন লাখো মুসল্লি এক সঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪০মিনিটে জুম্মার জামাত শুরু হয়। জুম্মার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ এবং আশপাশের খোলা জায়গাসহ টঙ্গীর তুরাগ তীর জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসুল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যেখানে সেখানে হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুম্মার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুম্মার নামাজ শেষে একজনের জানাজা অনুষ্ঠিত হয়।