ইশতিয়াক আহমেদ: ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ নির্ধারণ করা হয়। জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ওই কমিটির মেয়াদ শেষ হয়।
শেষ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সেই সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম। আসন্ন জাতীয় সম্মেলনে সভাপতির পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকাটা এক প্রকার নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।