হাসিব ইশতিয়াকুর রহমান: বেতনস্কেল ও চাকরির বৈষম্য নিরসনের দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা আজ সোমবার থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন এবং কালোব্যাজ ধারণ করবেন। ১৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। এ সময় সকল প্রকার দাফতরিক কাজ করা থেকে কর্মকর্তারা বিরত থাকবেন।
বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সকল ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুপারনিউমারারি পদ সৃজন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসবহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলার দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি আন্দোলন শুরু করেছে।