আদালত প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির গ্রেপ্তার হওয়া সাবেক তিন কর্মকর্তার রিমান্ড-বিষয়ক শুনানি শেষ হয়েছে। আজ সকালে ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে এই শুনানি হয়। দুইটি মামলায় এই তিনজনকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। যেকোনো সময় এই ব্যাপারে আদেশ হবে।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক।মামলায় তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ব্যাংকটির সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্ত করেছে। পরে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই আদালতে পাঠানো হয়। দুদক তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায়। আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।