মাহমুদ হাসান খান রোমেল: তথ্যপ্রযুক্তি শিক্ষা শিশুদের অধিকার এই স্লোগান সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘সিটিআইটি ২০১৬ মেলা’। সাত দিনের এ মেলা শেষ হবে ২৪ জানুয়ারি। প্রতিবারের মতো এবারও মেলায় থাকবে বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড়। এছাড়া থাকবে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতার আয়োজন। মেলাটি আয়োজনে সহযোগিতা করছে এইচপি, আসুস, এসার, লেনেভো, গিগাবাইট, ডেল, হিটাচি, আরমা গার্ডেন।
সিটিআইটি ২০১৬-এর দর্শনার্থীদের জন্য রয়েছে জাদু ও এলিয়েন প্রদর্শনী দেখার সুযোগ এবং শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে ভৌতিক সুড়ঙ্গে ঘোরার সুযোগ। মেলার প্রবেশ টিকিটের দাম হবে ১০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে এতে প্রবেশের সুযোগ পাবে।