ইশতিয়াক আহমেদ: ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আমাদের সঠিক প্রস্তুতিও নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আজ রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘ভূমিকম্প মোকাবেলা : আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিপের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে ডিএনসিসি।
আনিসুল হক বলেন, নানাবিধ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা অন্যদেশের তুলনায় অনেক সমৃদ্ধশীল হলেও ভূমিকম্প মোকাবেলায় আমাদের সঠিক প্রস্তুতি নেই। বলা হয় বড় মাত্রার ভূমিকম্প হলে ৭০-৮০ লাখ ভবন ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু এর সঠিক পরিসংখ্যান কত হবে সেটা জানা নেই। এজন্য ভূমিকম্প হলে আমাদের কি করণীয় সেসব বিষয় বেশি করে জানতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। বলা হচ্ছে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে। আমরা খুবই সন্ত্রস্ত, ভিত। জাপান, অামেরিকা উন্নয়ন করে ক্ষতিগ্রস্ত হই আমরা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর সেনায়েত গেব্রেজেবিয়ার। কর্মশালায় ভূমিকম্প, নগরের ঝুঁকি এবং পরিণতি বিষয়ক আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর একেএম মাকসুদ কামাল। সাম্প্রতিক ভূমিকম্প, প্রশাসন ও সার্বিক সমন্বয়- নেপাল অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করবেন, মানবিক সাহায্য কর্মী, ভুমিকম্পে বিধ্বস্ত নেপালের সহায়তা কাজে অংশগ্রহণকারী শশাঙ্ক সাদী।