নিজস্ব প্রতিবেদক: ডিএসসিসি ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহযোগিতায় এলিফ্যান্ট রোড- নিউমার্কেট এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এর সহিদুল কবির সহিদ এবং সাধারণ সম্পাদক মো: বিপ্লব সরকার । এসময় ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক শেখ মো: ইকবাল এবং নিউমার্কেট থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় মালামাল বাইরে রাখায় গাউছিয়া রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে চাঁদনী চক শপিং কমপ্লেক্স ও নীলক্ষেতের রাফিন প্লাজার দক্ষিণ পাশে প্রায় ৩০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে নিউমার্কেটের ২ নম্বর ফটক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এই এলাকা থেকে ঢাকা কলেজ পর্যন্ত প্রায় ৫০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বদরুদ্দোজা সুপার মার্কেটের সামনে থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত আরও প্রায় ৩০টি দোকান মালামালসহ গুঁড়িয়ে দেওয়া হয়। এলিফ্যান্ট রোড- নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা দক্ষিন সিটি কর্রপোরেশন। এ সময় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ও মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।