মো: ইউসুফ: অপরাধ কমাতে এবার ডিজিটাল প্রচারণায় নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি এবার ফেসবুক পেইজ খুলে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছে অধিদফতরটি। শুধু প্রচারণা চালিয়েই থেমে থাকছেন না তারা, ফেসবুক পেইজ থেকে তথ্য সংগ্রহ করে অভিযানও চালানো হচ্ছে।
২০১৫ সালের আগস্ট মাসে ‘Department of Narcotics Control’ নামে পেইজটি চালু করা হয়। ইতিমধ্যে ৩০০ জনের বেশি ব্যবহারকারী পেইজটিতে লাইক দিয়েছেন। তারা অধিদফতরের নিয়মিত কার্যাবলী, সম্মেলন, ও প্রচার-প্রচারণা দেখতে ও কমেন্ট করতে পারেন।
২০১৬ সালের জানুয়ারি মাসকে মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস হিসেবে ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরই অংশ হিসেবে বিভিন্ন গাড়ীতে স্টিকার লাগিয়ে সচেতনতামূলক প্রচারপত্র, পোস্টার ও স্টিকার বিতরণসহ নান কর্মসূচি তুলে ধরা হয় পেইজটিতে।
চলতি মাসে রাজধানী থেকে ৮৬ হাজার ইয়াবা উদ্ধার, ২০১৫ সালের সেপ্টেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি কোকেন উদ্ধারের মতো বড় বড় অর্জনগুলো তুলে ধরা হয় অধিদফতরের এই পেজটিতে। সঙ্গে থাকে উদ্ধারকৃত বস্তুর ছবি ও অভিযানে অংশ নেয়া সদস্যদের ছবি।
এছাড়াও পেইজটিতে ভিজিটর পোস্ট দেয়ার সুযোগ রেখেছে অধিদফতর। ভিজিটরদের দেয়া নানা প্রশ্নের উত্তর, তথ্য-উপাত্ত সরবরাহও করা হয়। এছাড়াও পেইজে সাধারণ মানুষ নানা ধরনের মাদক সংক্রান্ত তথ্য দিয়ে থাকে। সেই তথ্যের ভিত্তিতেও অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অধিদফতরের সাম্প্রতিক সকল প্রকার সম্মেলন, আলোচনা সভা ও মিটিংয়ের দিন-তারিখ ও আলোচ্যবিষয় তুলে ধরা হচ্ছে www.facebook.com/Department-of-Narcotics-Control পেইজটিতে।