নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় জারি হওয়া সমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রহণ করেননি। ফলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’র ফটকের সামনে এ সমন সাঁটিয়ে দিয়েছেন আদালতের কর্মচারীরা।
গত সোমবার একটি মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই সমন দিতে আদালতের জারিকারক (বার্তাবাহক) মো. জাবিদ হোসেন বাচ্চু দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান। এ সময় গুলশান থানার একজন পুলিশ সদস্যও ওই বার্তাবাহকের সঙ্গে ছিলেন। জারি করা ওই সমন গ্রহণ করানোর জন্য তিনি বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চেষ্টা করেন। কিন্তু কেউ তা গ্রহণ করেননি। পরে তিনি সমনটি খালেদা জিয়ার বাসভবনের ফটকে সাঁটিয়ে চলে আসেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার ওই মামলা আমলে নিয়ে আগামী ৩রা মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।