নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অস্ত্রোপচার হচ্ছে। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ এ হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন গর্ভবতী মায়ের সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক ভূমিষ্ঠ হলেও রোগীর স্বজনদের কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। স্যানিটারি ন্যাপকিন ও খুবই স্বল্প মূল্যের জরুরি কিছু সংখ্যক ওষুধ ছাড়া উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় সকল প্রকার ওষুধও হাসপাতাল থেকেই নিয়মিত সরবরাহ করা হচ্ছে।
এমনটা দাবি করে হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্রের শতভাগই হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন ছোট বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন গর্ভবতী নারীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব হলে হাসপাতালে দুই থেকে তিনদিন থাকা, খাওয়া দাওয়াসহ সর্বনিম্ন ১৫ হাজার থেকে এক লাখেরও বেশি টাকা বিল পরিশোধ করতে হয়। খরচ বেশি হওয়ায় অপেক্ষাকৃত দরিদ্র রোগীদের সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। তবে সংঘবদ্ধ দালাল ও প্রতারকচক্রের খপ্পরের শিকার হয়ে কিছু কিছু রোগীকে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে বলে জানা গেছে।