মো: ইউসুফ: কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর অথবা কম্পিউটারে বাড়তি কোনো যন্ত্রাংশ যুক্ত করার পর ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করাটা আবশ্যকীয়। অধিকাংশ ক্ষেত্রে যন্ত্রাংশের ড্রাইভার সফটওয়্যারগুলো সঙ্গেই দেওয়া থাকে। তবে ডেস্কটপ বা ল্যাপটপের সব ধরনের ড্রাইভার ফাইলগুলো খুঁজে খুঁজে আলাদাভাবে ইনস্টল করাটা একটু ঝামেলার ও সময়ের ব্যাপার। তাই যেকোনো কম্পিউটার ও ল্যাপটপের ড্রাইভার সফটওয়্যারগুলো নিজেরা সংগ্রহ করে ব্যবহারকারীদের বিনা মূল্যে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার ব্যবস্থা করেছে ড্রাইভার প্যাক সল্যুশন। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি যেকোনো কম্পিউটার বা ল্যাপটপের ড্রাইভার ফাইল ইনস্টল করার ব্যবস্থা আছে এখানে। পাশাপাশি কেউ যদি পুরো সংগ্রহটি নামিয়ে নিতে চান, তাহলে সেটাও সম্ভব।
যে কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করতে চান, সেটি ইন্টারনেটে যুক্ত করে তারপর যেতে হবে https://drp.su/index.htm ঠিকানায়। ওয়েবসাইটটির প্রথমেই দুটি অপশন পাবেন, ‘ড্রাইভার প্যাক অনলাইন’ এবং ‘ড্রাইভার প্যাক ফুল’। প্রথমটির মাধ্যমে অনলাইনে সরাসরি ড্রাইভার ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়টির মাধ্যমে পুরো ড্রাইভার ফাইল সংগ্রহটি নামানো যাবে, যার আকার অনেক বড়। তাই অনলাইনে ইনস্টলের অপশনটির ব্যবহার বেশি সুবিধার। ‘ডাউনলোড অনলাইন’ বোতামে ক্লিক করে ছোট একটি ইনস্টলার নামিয়ে নিন। এটি ইনস্টল করার পর কম্পিউটার রিস্টোর পয়েন্ট তৈরি করার একটি বার্তা এলে ‘ওকে’ করুন। পর্দাজুড়ে দুটি অপশন আসবে—স্বয়ংক্রিয় ও বিশেষজ্ঞ (এক্সপার্ট)। স্বয়ংক্রিয় অপশনটি বাদ দিয়ে এক্সপার্ট মোড নির্বাচন করুন। এবার নিচের দিকে থাকা ইউটিলিটিজ অংশ থেকে বাড়তি সফটওয়্যারগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। এবার ওপরে থাকা সবুজ রঙের ‘ইনস্টল অটোমেটিক্যালি’ বোতামে ক্লিক করে ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিচের দিকে সফটওয়্যারগুলো নামানো ও ইনস্টলের অবস্থা দেখতে পাবেন। ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার রিস্টার্ট দিন। চালক সফটওয়্যার ইনস্টল করার পর যদি কোনো অসুবিধা হয়, তাহলে আগে তৈরি করা মিস্টার পয়েন্টে ফেরত গেলে কম্পিউটার আবার আগের অবস্থায় চলে আসবে। এভাবে নিজের কাছে সংগ্রহ না থাকলেও নতুন-পুরোনো যেকোনো কম্পিউটারের ড্রাইভার সফটওয়্যার সহজে ও দ্রুততম সময়ে ইনস্টল করার সুবিধা পাওয়া যাবে।