আদালত প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সব মামলা পরিচালনা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোন মামলা পরিচালনা করতে পারবেন না।
২০১৪ সালে প্রসিকিউটর তুরিন আফরোজের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছিল। ওই সময় তুরিন আফরোজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর বরাবর আবেদন জানান। প্রসিকিউটর মোহাম্মদ আলীও তুরিন আফরোজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়ে আবেদন জানান। বিষয়টি শেষ পর্যন্ত আইনমন্ত্রী পর্য্ন্ত গড়ায়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর ছিলেন।