ইশতিয়াক আহমেদ: রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিলের উন্নয়নমূলক কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান কমিটির নেতৃত্বে থাকা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই কথা বলেন।
বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, আমরা স্রেফ সাক্ষাৎ করার জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। সাক্ষাৎকালে বাংলাদেশ বার কাউন্সিলের জন্য নিজস্ব ভূমি বরাদ্দ অর্থাৎ নিজস্ব সম্পত্তির ব্যবস্থা করা, স্থায়ী ভবন তৈরি করা, বেনাবোল্ট ফান্ড বাড়ানো, বার কাউন্সিলকে বিধিবদ্ধ সংস্থা হিসেবে সরকারের তালিকাভুক্ত করা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে অবগত করে দেশের সকল আইনজীবীদের কল্যাণে সম্ভাব্য সব কিছু করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের সচিব জেলা জজ একেএম জহিরুল হক, সাবেক আইনমন্ত্রী এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেড আই খান পান্না, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নজিব উল্লাহ হিরু, বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ খান ও বাংলাদেশ বার কাউন্সিলের ল রিফম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু উপস্থিত ছিলেন। তবে অপর সিনিয়ার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাননি ।