সুমন চৌধুরী: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের কিংবদন্তীতূল্য মানুষ, বিজয় বাংলা সফটওয়্যার ও কীবোর্ডের জনক, বাংলাদেশ কম্পিউটার সমিতির নিবন্ধনকালীন প্রতিষ্ঠাতা ও ৪ বারের সভাপতি, বেসিসের প্রতিষ্ঠাতা সহ সভাপতি, তথ্যপ্রযুক্তি বিষয়ক পাঠ্য ও অন্যান্য প্রয়োগিক বাংলা বইয়ের লেখক এবং ডিজিটাল বাংলাদেশ ধারনার প্রবর্তক মোস্তাফা জব্বারকে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করেছে।
গত ৩১ মার্চ ২০১৬ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজীবন সম্মাননা পদকটি মোস্তাফা জব্বারের হাতে তুলে দেন। তখন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক জনাব আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতিরি সভাপতি জনাব এ এইচএম মাহফুজুল আরিফ এবং মহাসচিব জনাব নজরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।
পদক প্রদানোত্তর বক্তব্যে মোস্তাফা জব্বার বাংলাদেশ কম্পিউটার সমিতি ও তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সমিতির সকল সদস্যসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে বর্ননা করেন। তিনি বলেন, দেশে শুল্ক ও ভ্যাটমুক্ত আন্দোলন গড়ে তোলা, সফটওয্যার রপ্তানীর জন্য নীতিমালা ও সুপারিশ প্রনয়ন করা থেকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার কাজটি এককভাবে বিসিএস-এর করা। তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, এই একটি মন্ত্রণালয়কে তথ্যপ্রযুক্তির মানুষেরা নিজেদের প্রতিষ্ঠান বলে গন্য করে। পরে মোস্তাফা জব্বার তার আজীবন সম্মাননা পদকটিকে জনাব জুনাইদ আহমদ পলক ও তার প্রজন্মের জন্য উৎসর্গ করেন।