হাসিব ইশতিয়াকুর রহমান: মোবাইল অপারেটর এবং পিএসটিএন প্রতিষ্ঠানকে টিডিএম ভিত্তিক আন্তঃসংযোগ ব্যবহার করে আইসিএক্সের মাধ্যমে এসএমএস সেবা পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সকল আইপিটিএসপি, পিএসটিএন, মোবাইল ও আইসিএক্স অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে আন্তঃক্যারিয়ার ভয়েস কলের পাশাপাশি আন্তঃঅপারেটর এবং গ্লোবাল (আইজিডব্লিউর মাধ্যমে আগত) এসএমএস আদান-প্রদানের ব্যাপারটিকেও তাদের নজরদারির আওতায় আনতে হবে। তবে আন্তঃঅপারেটর এসএমএস রাউটিংয়ের ব্যাপারে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়নি।