শফিউদ্দীন বাবু: রাজধানীত সুত্রাপুর থানা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে গ্রেফতার করেছে রমনা জোনাল টিমের নেতৃত্বে ডিবির একটি দল। বাংলা বর্ষ বরণের ঠিক আগে মঙ্গলবার রাতে সুত্রাপুর থানার ফরাশগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঈদী আমিন ও বিএম মুজিবুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন থেকে বোমা তৈরির প্রশিক্ষণ ও বোমা তৈরির উপকরণ কেনায় সহযোগিতা করতো। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটিকে আর্থিক অনুদান প্রদান ও সংগ্রহে সহযোগিতা করে আসছিলো।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় ডিসি (ডিবি-দক্ষিণ) মো. মাশরুকুর রহমান খালেদের তত্ত্বাবধানে, রমনা জোনাল টিম এর নের্তৃত্বে ডিবির একটি দল ও কাউন্টার টেরোরিজম (সিটি) এ অভিযানটি পরিচালনা করে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদ এর ভিত্তিতে উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ও মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিং এর ৬ নং রোডের ২৮ নং বাসার ৫ম তলায় উক্ত নিষিদ্ধ সংগঠনের একটি বোমা তৈরি কারখানায় অভিযান পরিচালনা কালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সাথে গুলি বিনিময় ও সংঘর্ষে ডিবি পুলিশ এর একজন সদস্য গুরুতর আহত হন এবং সেখান থেকে উক্ত নিষিদ্ধ সংগঠনের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে দক্ষিণখান থানা এলাকার সরদার পাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে ডিবি পুলিশ। এ সংক্রান্তে দক্ষিণখান থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধীত-২০১৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তে গতকাল রাতে গ্রেফতারকৃত ঈদী আমিন ও মুজিবুর রহমানের নাম উঠে আসে।