ইশতিয়াক আহমেদ: ওলামা লীগ নিজেদের কোনো অঙ্গ সংগঠন নয় বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সম্প্রতি পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে ওলামা লীগের করা মন্তব্যের প্রেক্ষিতে বুধবার দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
জিডিপি’র প্রবৃদ্ধি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসান মাহমুদ বলেন, ওলামা লীগের নেতারা মাঝে মাঝে বিভ্রান্তকর কর্মকাণ্ড করে থাকে, যা আওয়ামী লীগের নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
হাছান মাহমুদ বলেন, বিশ্ব ব্যাংকের উদ্বৃতি দিয়ে বিএনপি মহাসচিব ডাহা মিথ্যা কথা বলেছেন। দলটি ধারাবাহিকভাবে যে মিথ্যাচারের রাজনীতি করে আসছে, তারই অংশ হিসেবে মির্জা ফখরুল জিডিপি নিয়ে এমন শঙ্কা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর এই প্রথম ৭.০৫ শতাংশ জিডিপি অর্জিত হতে যাচ্ছে। আর এটিই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মিথ্যচারের পাশাপাশি নানা ষড়যন্ত্র করছে।
তিনি বিএনপি নেতাদের মানসিকভাবে অসুস্থ দাবি করে বলেন, এই দলটি (বিএনপি) দেশের মঙ্গল চায় না। তাদের সময় দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আর উন্নয়নের জন্য শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ নির্বাচিত হন।
সংবাদ মম্মেলনে আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।