মো: ইউসুফ: একের পর এক ম্যাচ জিতে যাচ্ছে চট্টগ্রামের দল ‘চট্টগ্রাম আবাহনী’। প্রথম দুই ম্যাচে জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ‘এ’ গ্রুপে শেখ জামাল এবং শেখ রাসেল নিজেদের তিনটি করে ম্যাচেই জয় পেয়েছে। তাদের সঙ্গে সেমির পথে সমানতালে হাঁটছে চট্টগ্রাম আবাহনীও।
ব্যবধান ৩-০ হলেও প্রথমার্ধে দুই দলই খেলেছে সমানে সমানে। তবে ব্রাদার্স পারেনি, সাফল্য পেয়েছে বন্দর নগরীর দলটি। ৩০ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেলের গোল এগিয়ে যায় তারা। ৩৫ মিনিটেই ব্যবধান দ্বিগুন করতে পারতো। কিন্তু জাহিদের নেওয়া কিক ঠিকানা খুঁজে পায়নি।
দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ে চট্টগ্রাম আবাহনীর। ৫৫ মিনিটে তকলিস আহমেদ গোলকিপারকে বোকা বানালেও সেটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাদার্স ডিফেন্ডার কৃষ্ণ। ফিরতি শটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন লিওনেল। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন জাহিদ হোসেন।