আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাঁচ আসমির মধ্যে গ্রেফতার চারজনকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন।
এর আগে গত ১২ এপ্রিল তাদেরকে গ্রেফতারে নির্দেশ দিয়েছিলেন একই আদালত। পরে ১৩ এপ্রিল ৪ জন আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। প্রসিকিউটর রানা দাস গুপ্ত আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন। আদালত আগামী ৩,৪,৫ মে পর পর তিনদিন তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। গ্রেফতাররা হলেন, উপজেলার আলমপুর গ্রামের মৃত তরব আলীর ছেলে আসক আলী (৯০), নওয়াগাঁও গ্রামের মৃত হাজি কদর আলীর ছেলে শাহনেওয়াজ (৯০) এবং একই গ্রামের মৃত নবী হোসেনের ছেলে আজিজুর রহমান (৭০) ও রমজান আলী (৭৮)। এছাড়া খলিলুর রহমান (৭২) পলাতক রয়েছেন।
দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা ডিবি পুলিশ গত ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।