আদালত প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ব্রাক্ষণবাড়িয়ার সৈয়দ মো. হোসাইন (৫৪) ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামী ৯ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে ওই মামলায় (চার্জ হেয়ারিং) অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে এ দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করে আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন প্রসিকিউটর তুরিন আফরোজ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।
প্রসিকিউটর তুরিন আফরোজ দুই আসামির বিরুদ্ধে ছয়টি চার্জের উপর আদালতে শুনানি শেষ করেন এবং দুই জনের অপরাধের বিষয়ে বিচার শুরুর অনুমতি চান আদালতের কাছে।