মো: জোবায়ের হোসেন: রাজধানীর বংশাল এলাকা থেকে দেড় হাজার পিস নেশা জাতীয় বিউপ্রেনোফিন নামের ইনজেকশন জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি-পূর্ব) বিভাগ। এ সময় দুইজনকে আটক করা হয়।
শনিবার গভীর রাতে এসব ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মনির হোসেন কুরবান ও মো. শাহেদ হোসেন।
রোববার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বংশাল আগামাসী লেনের সিটি ‘ল’ কলেজের মেইন গেটের সামনে থেকে তাদের গ্রেফতার ও ইনজেকশন জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে সমবেত হয়েছিল এমন তথ্যের ভিত্তিতে ডিবি সেখানে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মনির হোসেন কুরবানের শপিং ব্যাগ থেকে ৮০০ পিস ও মো. শাহেদ হোসেনের কাছ থেকে ৭০০ পিস নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।