জান্নাতুল নাইমঃ ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চলাচল করছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ভ্রমণের আগে সময়সূচি ও ভাড়াসহ কিছু নিয়মাবলী জেনে নিলে সুবিধা হয়। এ রুটে যারা ভ্রমণ করতে চান; তারা জেনে নিন সময়সূচি, ভাড়া ও নিয়মাবলী-
ভ্রমণের সময়: আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যায় বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়। কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে ৪ দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। কলকাতার চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকাল ৪টা ০৫ মিনিটে।
ভাড়া: ঢাকা টু কলকাতা এসি কেবিনের প্রতি সিট ২,৯৩৫ টাকা ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ ৩,৪৩৫ টাকা। এসি চেয়ার ১,৯৫৫ টাকা ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ ২,৪৫৫ টাকা। কলকাতা টু ঢাকা এসি কেবিনের প্রতি সিট ২,০১৫ রুপি এবং এসি চেয়ার ১,৩৪৫ রুপি। শিশুদের জন্য ৫০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে যদি ১-৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে। এ ক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে। সিঙ্গেল কেবিনে ৩টি সিট এবং ডাবল কেবিনে ৬টি সিটের টিকিট দেওয়া হয়।
টিকিট সংগ্রহ: ঢাকা টু কলকাতার টিকিট কাটতে হবে কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে। ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের টিকিট আর কোথাও বিক্রি হয় না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। যাত্রার ২৯ দিন আগে থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যায়।
প্রত্যেক টিকিটের জন্য কাউন্টারে পাসপোর্টের মূলকপি (ফটোকপি নয়) দেখিয়ে ফরম নিতে হবে। এসময় ফরমে সিরিয়াল নম্বর লিখে দেওয়া হবে। তারপর ফরমটি পূরণ করে অপেক্ষা করতে হবে। সিরিয়াল অনুযায়ী ডাকা হবে টিকিট নেওয়ার জন্য। ভিসা না থাকলেও টিকিট দেওয়া হয় কাউন্টার থেকে। তবে ফিরতি টিকিটের জন্য ভিসা দরকার।
টিকিট ফেরত: যাত্রা শুরুর ১২০ ঘণ্টা আগে ফেরতের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ ২৫ টাকা, ১২০ ঘণ্টার কম ও ৯৬ ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ ৫০% ভাড়া কর্তনযোগ্য হবে প্রতি টিকিটে। ৯৬ ঘণ্টার কম ও ৭২ ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ টিকিটের মূল্যের ৭৫% টাকা কর্তনযোগ্য। অন্যান্য ক্ষেত্রে কোন মূল্য ফেরতযোগ্য নয়।