মো: জোবায়ের হোসেনঃ আজ রাজধানীসহ সারাদেশে সকালটা ছিল কুয়াশার চাদরে মোড়ানো। সূর্যের মুখ দেখা যায়নি। রাত থেকেই বইছে কনকনে ঠাণ্ডা বাতাস। তাপমাত্রা কমেছে তিন থেকে সাত ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, দেশের কোথাও কোথাও আগামী দু’দিনে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।
তবে প্রকৃতির ঘড়ি বলছে, শীত এসেছে শীতের হিসেবেই। ঋতুচক্রে এখন শীত, ৪ঠা পৌষ আজ। রাজধানীবাসী এই শীতে যতটা কাতর, তারচেয়েও অনেক বেশি শীতে জর্জর দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল। কারণটা শীতের সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীর তুলনায় এসব এলাকায় তাপমাত্রা কমেছে চার থেকে সাত ডিগ্রি পর্যন্ত। এই তাপমাত্রা রাতে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা রাতে আরও দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে।