নিউজ ডেস্ক: শেয়ারবাজারে ‘মাসিক বিনিয়োগ প্রকল্প’ নামে নতুন একটি পণ্য চালু করেছে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস। ৫ থেকে ১০ বছর মেয়াদি এই সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা করে জমাতে পারেন। এর বাইরে কেউ বেশি অর্থ জমা করতে চাইলে সেটিও সম্ভব। আর মাসিক সেই সঞ্চয়কে শেয়ারবাজারে খাটিয়ে মুনাফা তুলে নেওয়ার কাজটি করবে আইডিএলসি।
যেকোনো বিনিয়োগকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আইডিএলসি ইনভেস্টমেন্টস এর গ্রাহক হতে হবে। কত টাকা কত বছর মেয়াদে মাসিক কিস্তির মাধ্যমে জমা করতে চান সেটি নিশ্চিত করতে হবে। গ্রাহকের ব্যাংক হিসাব থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টস ওই অর্থ সংগ্রহ করবে। এরপর প্রতি মাসের কিস্তির টাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত সর্বাধিক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবে।
বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসির লাভ কী? জানতে চাইলে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের হিসাব খোলার শুরুতেই গ্রাহকের কাছ থেকে ৫০০ টাকা ফি বা মাশুল নেওয়া হবে। এর বাইরে বছর শেষে ৩ শতাংশ হারে ব্যবস্থাপনা মাশুল নেবে আইডিএলসি। আর লেনদেনের জন্য নির্ধারিত যে মাশুল রয়েছে সেটিও বিনিয়োগকারীর কাছ থেকে নেওয়া হবে। আর নির্ধারিত মেয়াদ শেষে ওই সঞ্চয় হিসাবে যে পরিমাণ মুনাফা হবে তার পুরোটাই পাবেন সঞ্চয়কারী। তবে কেউ যদি নির্ধারিত মেয়াদের আগে বিনিয়োগ তুলে নিতে চান সে ক্ষেত্রে নির্ধারিত হারে একটি মাশুল কেটে নেওয়া হবে।
মাসিক কিস্তিতে সঞ্চয়ের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের এই ধরনের প্রকল্প বাংলাদেশের বাজারে এটিই প্রথম। তবে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মার্চেন্ট ব্যাংকগুলোতে এ ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে।
আইডিএলসি সংশ্লিষ্টরা জানান, আনুষ্ঠানিকভাবে এখনো এই মাসিক সঞ্চয় প্রকল্পটি চালু করা হয়নি। সীমিত পর্যায়ে এটির প্রচারণা শুরু হয়েছে। তাতেই গ্রাহকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।