গোলাম রাশেদ: পাটের বস্তায় বাজারজাত করা বাধ্যতামূলক করায় চালের দাম মণপ্রতি চালের দাম ৬০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে ভোক্তাকে সব ধরনের চালে কেজিপ্রতি দেড় থেকে দুই টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে। গতকাল ঢাকার হাতিরপুল এবং কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের নাজিরশাইল এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৮-৫০ টাকায়। আর মানভেদে মিনিকেটের দাম ৪৩ থেকে ৪৬ টাকা। মোটা চালের দাম কিনতে খরচ হচ্ছে কেজিপ্রতি ৩২ থেকে ৩৪ টাকা।
বাজার ঘুরে পাইকারি পর্যায় সূত্রে জানা গেছে, এক মণ চাল ধারণের জন্য একটি পাটের বস্তার দাম ৭০ টাকা। আর একই পরিমাণের জন্য প্লাস্টিকের বস্তার দাম ৩০ টাকা। পাটের বস্তা ব্যবহারের কারণে কার্যত মণপ্রতি চালের দাম বাড়ার কথা ছিল ৪০ টাকা। কিন্তু বেড়েছে এর দ্বিগুণ। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে বাড়তি দাম রাখা হচ্ছে।
কিন্তু সরকারি হিসাবে, পাটের বস্তার চালের দাম বাড়ার বিষয়টি স্বীকার করা হয়নি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজারদরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে নাজিরশাইল, মিনিকেট, পাইজাম ও স্বর্ণা (মোটা চাল) কোনোটির দাম বাড়েনি।