নিউজ ডেস্ক: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এমনটাই আশা করছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭০ মার্কিন ডলারে উন্নীত হবে। তবে এটি ঘটবে এখন থেকে আরও বছর পাঁচেক পরে ২০২০ সালে। সংস্থাটি মনে করে, ২০১৬ সালেই তেলের দাম বাড়তে শুরু করবে। আর তেল উত্তোলনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ মেয়াদে এটির দাম বাড়বে। খবর বিবিসির।
বিশ্ববাজারে নিম্নমুখী চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহ এবং যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশও উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে ২০১৪ সালের গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১১০ ডলার কমেছে। গত ২৮ ডিসেম্বর পণ্যটির দাম ব্যারেলপ্রতি মাত্র ৩৬ ডলার ৫ সেন্টে নেমেছে, যা ২০০৪ সাল-পরবর্তী ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। পরদিন ২৯ ডিসেম্বর অবশ্য দাম কিঞ্চিৎ বেড়ে ৩৭ ডলারে ওঠে।
তবে ওপেক এটাও মনে করে যে বৈশ্বিক তেলের বাজারে তাদের হিস্যা কমবে, যা বর্তমানে ৩০ শতাংশ এবং গত শতকের সত্তরের দশকে ছিল ৫০ শতাংশ। কারণ তাদের নতুন প্রতিদ্বন্দ্বী দেশগুলো দিন দিন প্রত্যাশার তুলনায় অধিক পরিমাণে উত্তোলন ও সরবরাহ করছে। ওপেক এ বছরে তেল উত্তোলনের পরিমাণ বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে দাম কমতে দেওয়ার কৌশলই নিয়েছিল, যাতে বাজার থেকে মার্কিন প্রতিষ্ঠান শেল ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।
এছাড়া দাম কমার কারণ হিসেবে চীনসহ উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার কথা উল্লেখ করেছে ওপেক।
সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনেজুয়েলার উদ্যোগে ১৯৬০ সালে ওপেকের যাত্রা শুরু হয়। পরে কাতার (১৯৬১), ইন্দোনেশিয়া ও লিবিয়া (১৯৬২), সংযুক্ত আরব আমিরাত বা ইউএই (১৯৬৭), আলজেরিয়া (১৯৬৯), নাইজেরিয়া (১৯৭১), ইকুয়েডর (১৯৭৩), গ্যাবন (১৯৭৫) ও অ্যাঙ্গোলা (২০০৭) যোগ দেয়।
বিশ্লেষক ও জ্বালানি তেল খাতের কর্তাব্যক্তিদের কণ্ঠেও এখন ধ্বনিত হচ্ছে নিরাশার কথা। তাঁরা মনে করেন, বর্তমান নিম্নমুখী প্রবণতা থেকে তেলের দাম ঘুরে দাঁড়ানোর আপাতত কোনো সম্ভাবনা নেই। গোল্ডম্যান স্যাকস ও সিটি গ্রুপ গত সপ্তাহে আবারও বলেছে, ২০১৬ সালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম কমে ২০ ডলারেও নেমে আসা সম্ভব।