নিউজ ডেস্ক: লাওসে সন্দেহজনক বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণে অপর একজন আহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, লাওসের জেসোমবোন প্রদেশের পাহাড়ি রাস্তায় গাড়িতে যাওয়ার সময় রোববার সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাওসের সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত জোও নামের একজনকে উদ্ধার করে রাজধানী ভিয়েনতিয়েনের এক হাসপাতালে ভর্তি করেছে।
এ সন্দেহজনক বোমা বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন চীনা কর্মকর্তারা। নিহত দুজনের একজন চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের খনি কোম্পানিতে চাকরি করতেন। চীনের বড় বিনিয়োগ রয়েছে লাওসে।